চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স আতঙ্কে চট্টগ্রামে গরু বিক্রির হার তিন-চতুর্থাংশ কমে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে সাগরিকা গরু বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি এম শওকত আলী বলেন, অ্যানথ্রাক্স আতঙ্কে গত কয়েকদিনে মাংস বিক্রি হঠাৎ করে কমে গেছে। রোগাক্রান্ত হওয়ার ভয়ে অনেকে মাংসের দোকানে আসছেন না।
শওকত আলী বলেন, 'ষড়যন্ত্রমূলক গুজবের কারণে চট্টগ্রামের গরু ব্যবসা ধ্বংস হতে বসেছে। অন্যান্য বছর কোরবানির ঈদকে সামনে রেখে এসময়ে সাগরিকা বাজারে একশ ট্রাক গরু আনা হলেও এবার এসেছে মাত্র ২০ ট্রাক।
ব্যবসায়ীরা দাবি করেন, গরু-ছাগলসহ মাংস বিক্রি ও চামড়া ব্যবসা ধংস করতে গুজব রটানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামের হাটে যেসব গরু বিক্রি হয় তা ভারত থেকে আমদানি করা। এ পর্যন্ত দেশে যত অ্যানথ্রাক্স সংক্রমণের খবর পাওয়া গেছে তা গৃহপালিত বা দেশীয় খামারের গরুতে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, বিবিরহাট গরু বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর, সাগরিকা গরু বাজারের ইজারাদার দিদারুর রহমান সুমন।
সাইফুল হুদা জাহাঙ্গীর বলেন, "চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক লোকবল সংকটের কথা বলছেন। এ দায় তো ব্যবসায়ীদের না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24