২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিভাগের ৫৯ সেরা করদাতা পুরস্কৃত

আয়কর দিবসে চট্টগ্রাম বিভাগের ৫৯ জন সেরা করদাতাকে পুরস্কৃত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আয়কর দিবসে চট্টগ্রাম বিভাগের ৫৯ জন সেরা করদাতাকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন। আয়কর বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ১১ টি জেলার দুইজন করদাতা এবং গত করবর্ষে সর্বোচ্চ কর দিয়েছেন এমন তিনজনকে পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আফসারুল আমীন বলেন, "দেশের জনসংখ্যা ১৫ কোটিরও বেশি। অথচ টিআইএন নম্বর মাত্র ২৭ লাখ। এটি দুঃখজনক।" চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মজিবুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) বেগম জাহান আরা সিদ্দিকী, কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ, সুলতান মাহমুদ চৌধুরী, হায়দার খান প্রমুখ। সর্বোচ্চ করদাতাদের পক্ষে বক্তব্য রাখেন এ কে খান গ্র"পের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন খান ও জেমস ফিনলে বাংলাদেশের প্রধান নির্বাহী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী। আয়কর সংক্রান্ত সব সমস্যা সমাধানে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে আয়কর মেলার আয়োজন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক। এর আগে সকাল সাড়ে ১০ টায় নগরীর আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন-২ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২০৪৩ ঘ.