সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 'খোলা চিঠি' নামে লিফলেট প্রচারের অভিযোগে পুলিশ সাতক্ষীরা থেকে আরেকজনকে আটক করেছে।
ওই লিফলেটে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুজিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগের কথা লেখা হয়।
আটক রবিউল ইসলাম খান সাতক্ষীরা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাতক্ষীরা আইন কলেজের প্রভাষক।
মঙ্গলবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস থেকে ফরিদপুর সদর থানা পুলিশ তাকে আটক করে। বুধবার ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে সাতক্ষীরা নিয়ে আসে।
রবিউলকে আদালতে হাজির করে পাঁচ দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করা হল।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহ্জাহান আলী খান জানান, গত ২২ অগাস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 'খোলা চিঠি' শিরোনামে একটি লিফলেট বিতরণের সময় শহরের পাকাপুল মোড় থেকে আলমগীর আশরাফ নামের একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
ওই সময় তার ব্যাগ থেকে পুলিশ প্রায় দুইশ' লিফলেট উদ্ধার করে।
পরদিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু আহম্মেদ সাতক্ষীরা সদর থানায় অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক রবিউল ইসলাম খান ও সাতক্ষীরা চিত্র প্রেসের মালিক ইউনুচ আলীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
ওইদিনই পুলিশ ইউনুচ আলীকে গ্রেপ্তার করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫৪ ঘ.
bdnews24