২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫

ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার সকালে আসাদগেট এলাকায় একটি প্রাইভেট কার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার সকালে আসাদগেট এলাকায় একটি প্রাইভেট কার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. বাসির (২০), মো. রুবেল (২০), মো. জালাল উদ্দিন (৩০), মো. দেলোয়ার হোসেন (২৫) এবং ফারুক হোসেন (২৮)। মোহাম্মদপুর থানার ওসি মইনুল আফসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে আসাদ গেট এলাকায় চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এসময় মিরপুরগামী একটি সাদা রংয়ের প্রাইভেট কার তল্লাশিস্থলের কাছাকাছি এসে পৌঁছলে চালকসহ অন্যরা কারটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দৌড়ে গিয়ে বাসির এবং রুবেল নামের ২ জনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেট কার থেকে প্রায় ৩০ কেজি ওজনের গাঁজার ৩৭ টি প্যাকেট উদ্ধার করে বলে ওসি জানান। তিনি জানান, এই দুইজনের দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোনের মাধ্যমে কৌশল অবলম্বন করে যাত্রাবাড়ি এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, এসব গাঁজা ১৭'শ থেকে ১৮'শ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। তারা মাত্র ৭'শ থেকে ৮'শ টাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় এ ধরণের মাদকদ্রব্য বহন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৫১৩ ঘ.