২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটি বাড়ানোর পক্ষে নই: অর্থমন্ত্রী

ঈদে ছুটি বাড়ানো হোক, এটা চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে তিন-চারদিন সংবাদপত্র বন্ধ থাক, এটাও তিনি চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ছুটি বাড়ানো হোক, এটা চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে তিন-চারদিন সংবাদপত্র বন্ধ থাক, এটাও তিনি চান না। তিন-চারদিন পত্রিকা না পড়তে পারা একদম কষ্টদায়ক। এ সময় সংক্ষিপ্ত আকারে হলেও সংবাদপত্র প্রকাশ করা উচিত বলে তিনি মনে করেন। তিন দিনের ঈদ ছুটি শেষে নিজ দপ্তরে ফিরে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অর্থমন্ত্রী বলেন, "আমি ব্যক্তিগতভাবে ঈদে ছুটি বাড়ানোর বিপক্ষে। আমরা এমনিতেই অনেক বেশি ছুটি কাটাই। ১০ বছর আগেও আমরা বছরে ৫২ দিনের মতো ছুটি কাটাতাম। এখন কাটাই ১০৪ দিন। এরপর আর বাড়তি ছুটির দরকার আছে বলে মনে করি না। আমাদের আরো কাজ করা দরকার।" ব্যবসায়ীদের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর ঈদের ছুটি পাঁচ দিন করতে সংস্থাপন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেয়। পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। ঈদ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "এবারের ঈদটি সবার জন্য খুবই স্বস্তির ছিল। দুর্ঘটনা কম হয়েছে। এবার আবহাওয়া ছিলো ভালো।" "আমার জন্য এটা বিশেষ একটা ঈদ। কারণ, চার-পাঁচ মাস আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন আমি সুস্থ ও স্বাস্থ্যবান। ঈদ ছিলো আমার জন্য আনন্দে মেতে ওঠা ও বিশেষ শুকরিয়া আদায়ের দিন," বলেন মুহিত। তিনি বলেন, "আমাদের অর্থনীতি এখন খুবই ভালো। এবার অনেক দান-খয়রাত হয়েছে। এত বেশি দান-খয়রাত আগে কখনো হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৪৩৪ ঘ.