বাগেরহাট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইলে কথা বলতে থাকা চালকের অসতর্কতায় বাগেরহাটে দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কে কচুয়া উপজেলার বাধাল বাজারে যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন আরিফ হাওলাদার (৭)। অন্যজন অজ্ঞাতনামা এক মহিলা (৩০)।
কচুয়া থানার ওসি খায়রুল আনাম দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে ওসি ঘটনাস্থল থেকে বলেন, "বাসটি উদ্ধারের চেষ্টা এবং বাসের মধ্যে আর কোনো লাশ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।"
বাসযাত্রী আব্দুর রশিদ জানান, তাদের নিয়ে বাসটি পিরোজপুর থেকে বাগেরহাটে যাচ্ছিল। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বাসচালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় রাস্তার একটি বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে বিকাল সাড়ে পাঁচটার দিকে আবার যান চলাচল শুরু হয়।
উদ্ধার কাজে অংশ নিতে খুলনা থেকে দমকল বাহিনীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসে।
আহতদের মধ্যে ১২ জন স্থানীয় বাধাল ডায়োগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ক্লিনিকের মালিক ডা. সঞ্জিত কুমার মণ্ডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১২ ঘ.
bdnews24