গাজীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে শনিবার রাতে কার্টনের একটি গুদামে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনী জানায়, টঙ্গী বাজারের পূর্ব দিকে ভরান এলাকায় শনিবার রাত পৌনে ৪টার দিকে তামান্না স্টোরে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নেভানো হয়।
তিনি জানান, আগুনে গুদামে থাকা সব প্যাকেজিং কার্টন পুড়ে গেছে। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া টঙ্গীর মরকুন এলাকার তিতাস বল সাবান কারখানায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে জানান দমকল কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি বলেন, "ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ওই আগুনের সূত্রপাত হয়। এতে ওই কারখানার ছাদসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।"
তিনি জানান, কারখানাটি বন্ধ ছিলো। এ কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫১০ ঘ.
bdnews24