চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিনের ব্যস্ততা শেষে পড়ন্ত বিকেলে প্রিয়জনদের নিয়ে একটু আয়েশ করে বেড়াতে নগরবাসী ভিড় জমিয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
শনিবার বিকাল থেকেই সমুদ্র সৈকত ছাড়াও নগরীর ফয়'স লেক, কনকর্ড সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, চিড়িয়া খানা, আগ্রাবাদ জাম্বুরী শিশু পার্ক, জিয়া শিশুপার্ক, ডিসি হিল, বাটালি হিল সর্বত্রই নানা বয়সী মানুষের ভিড়ে মুখরিত।
এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রে আকর্ষণীয় ছাড় এবং বিশেষ আয়োজন তো রয়েছেই।
নগরীর আন্দরকিল্লা থেকে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে আসা কলেজ ছাত্র আরাফাত বলেন, "এমনিতেই অন্য সময় সুযোগ পাওয়া যায় কম। এ দিনটিতে বাধা নেই। তাই বন্ধুদের সঙ্গে সৈকতে বেড়াতে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত।"
শুধু বন্ধু নয়, কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে এখানে বেড়াতে এসেছেন। তেমনি একজন কাজীর দেউড়ী এলাকার বাসিন্দা কাজী মাজহারুল ইসলাম।
তিনি জানালেন, বছরের অন্য সময় পরিবারের সদস্যদের নিয়ে বেড়ানোর সুযোগ খুব একটা হয় না। এখানে এসে বেড়ানোও হল, প্রকৃতির সান্নিধ্যেও কিছু সময় কাটলো।
নগরীর ফয়'স লেক ও সংলগ্ন চিড়িয়াখানায় শিশু-কিশোরদের ভিড় ছিল লক্ষণীয়। বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় এসে বাঘ দেখতে পেয়ে উচ্ছ্বসিত এনায়েতবাজার এলাকার পাঁচ বছর বয়েসী শিশু অনিন্দ।
এছাড়া আগ্রাবাদ জাম্বুরী শিশু পার্ক, কাজীর দেউরী এলাকার জিয়া শিশু পার্কে নতুন জামা-কাপড় পড়া শিশু-কিশোরদের আনন্দ যেন আর ধরে না।
এছাড়া চট্টগ্রামের বেশ কয়েকটি সিনেমা হলেও বিকাল থেকে নিু আয়ের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০০৪ ঘ.
bdnews24