ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঈদের জামাতের সময় নির্ধারণকে কেন্দ্র করে শনিবার সকালে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছে।
আহতদের নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, বীরগাঁও ইউনিয়নের কেদারখলা ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৯টায় না সাড়ে ৯টায় হবে এ নিয়ে ওই ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) আমজাদ হোসেন এবং নুরুল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ নিয়ে গ্রামবাসী দুদলে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে তারা একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সকাল ৯টা থেকে দেড়ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে ঈদের জামাত পণ্ড হয়ে যায়। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫১২ঘ.
bdnews24