২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুটি ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন থানা এলাকায় শুক্রবার দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 07:24 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এবং পল্টন থানা এলাকায় শুক্রবার দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পল্টনের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পল্টন থানার উপপরিদর্শক মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে কয়েকজন হকার ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলো। এসময় কয়েকজন ছিনতাইকারী একটি সাদা রংয়ের প্রাইভেট কারে করে এসে চাপাতি, চাকুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জিনিষপত্র ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় হকাররা একজনকে ধরে ফেলে। পরে গাড়ি থেকে একজন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র নিয়ে নামে এবং মো. আলী (৩৫) নামের এক হকারকে গুলি করে তাদের সঙ্গীকে নিয়ে পালিয়ে যায়। মো. আলীর বাম পাঁজরে গুলিবিদ্ধ হয়েছে। ছিনতাইকারীরা যাওয়ার সময় মো. আলীর মোবাইল ফোন সেটটি নিয়ে যায়। এদিকে সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কলেজগেটে ট্রমা সেন্টারের সামনে সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারি সফুরা বেগমের ভ্যানেটি ব্যাগ ছিনতাই হয়েছে। সফুরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার বাসা থেকে রিক্সায় করে বের হয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য শ্যামলী বাস ষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সঙ্গে তার ছেলে ছিলো। মিরপুর রোড দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার থেকে ছিনতাইকারী তার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাগে ১৫ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিষ ছিল বলে জানান সফুরা। ঘটনার পর র‌্যাবের দেখা পেয়ে তাদেরকে ছিনতাইয়ের কথা জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি বলে সফুরা বেগম অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৩২১ ঘ.