সাভার, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং কারখানার রাসায়নিক পদার্থের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার 'মান্তাকা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড' নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
দমকল বাহিনীর ৫টি ইউনিট তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আহত হয় ৬ জন দমকল কর্মী।
আহতরা হচ্ছে-ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইষ্টেশন অফিসার মোঃ আক্তারুজ্জামান, ফায়ারম্যান ইব্রাহিম খলিল, রুবেল, শহিদুল ইসলাম, ইমদাদুল হক ও শরিফুল ইসলাম।
অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবী করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান জানান, কুটুরি এলাকায় মান্তাকা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের রাসায়নিক পদার্থ রাখার টিনসেড গুদাম ঘরে রাত ৩ টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিইপিজেড, সাভার, ধামরাই, মিরপুর ও মোহাম্মদপুর দমকল বাহিনীর ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তিন ঘন্টা চেষ্টার পর দমকল কর্মীরা শুক্রবার সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেননি।
মান্তাকা প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান জানান, ঈদ উপলক্ষে কারখানা বন্ধ ছিল। গুদামে রক্ষিত সমস্ত রাসায়নিক পদার্থ পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন পারভেজ ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে তিন কোটি টাকার কেমিক্যাল পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১০৭ ঘ.
bdnews24