২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইছড়ির বনে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ অবৈধ ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির সংরক্ষিত বনে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 11:12 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির সংরক্ষিত বনে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেইসঙ্গে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য চারটি বেসরকারী প্রতিষ্ঠানকে সোনাইছড়ির সংরক্ষিত বনভূমির ইজারা চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ওই জায়গায় বনায়ন করতে হবে বলেও আদালত রায়ে উল্লেখ করেছে। বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থে একটি রিট আবেদনে এ রায় দেয়। রায়ে আদালত বলেছে, সমুদ্রের জোয়ারের পানিতে যে অংশ প্লাবিত হয় তা সমুদ্রেরই অংশ। সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষিত এ জায়গা ইজারা দেওয়া এখতিয়ার বহির্ভূত ও অবৈধ। রায়ে আরও বলা হয়, কিছু ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বৃহত্তর রাষ্ট্র ও জনস্বার্থ বিসর্জন দেওয়া যায় না। ২০০৮ সালের অক্টোবরে চট্টগ্রামের জেলা প্রশাসক ইউনিক ট্রেডার্স, এফ অ্যান্ড এফ এন্টারপ্রাইজ, মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ ও মাবিয়া এন্টারপ্রাইজকে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য সোনাইছড়ির সংরক্ষিত বনে সাড়ে পাঁচ একর বনভূমি ইজারা দেন। এরপর গত বছরের ৫ ফেব্র"য়ারি একটি জাতীয় দৈনিকে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সোনাইছড়ির ১৫ হাজার গাছ কাটা হয়েছে। এই প্রতিবেদন তুলে ধরে বেলা গত বছরের ১৫ ফেব্র"য়ারি সোনাইছড়ির সংরক্ষিত বনভূমি চারটি বেসরকারী প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করে। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির লিটন। সৈয়দা রিজওয়ানা হাসান রায়ের পর সাংবাদিকদের বলেন, "সোনাইছড়িতে শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য দেওয়া ইজারা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ওই বনভূমি ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকের নেই বলে আদালত রায়ে অভিমত ব্যক্ত করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৭০৬ ঘ.