ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় সকাল থেকেই ছিল কার্যত একেবারে ফাঁকা।
এদিন সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ উপস্থিতি ছিল মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ। অনেক কর্মকর্তা ও কর্মচারী সকালে অফিসে এসে হাজিরা দিয়েই বেরিয়ে গেছেন।
সচিবালয়ে দায়িত্বরত গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনেকেই গত ২৬ রোজা থেকেই ঈদের ছুটি কাটাতে ঘরমুখে ছুটতে শুরু করে। এরপর গত বুধবার সরকারি অফিস খোলা থাকলেও তাতে উপস্থিতির হার ছিল একেবারেই কম।
সর্বশেষ বৃহস্পতিবার এ হার ৩০ শতাংশে নেমে আসে। এদিন সচিবালয়ে আসা কর্র্মীদের অনেকেই স্বাক্ষর করেই ঘরমুখে ছুটতে শুরু করে। উর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই আসেননি কর্মস্থলে।
মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী, কৃষি মন্ত্রীসহ কয়েকজন অফিসে আসেন। মন্ত্রী ও কর্মকর্তাদের কম উপস্থিতির পাশাপাশি সচিবালয় ছিল দর্শনার্থীমুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৩৫৯ ঘ.
bdnews24