লন্ডন, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি হজযাত্রীদের কাছ থেকে প্রতারণা করে আরেক বাংলাদেশির নেয়া বিপুল অর্থ বাংলাদেশ থেকে ফেরত পেয়েছে বৃটিশ কর্তৃপক্ষ।
টাওয়ার হ্যামলেট পুলিশ চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে দুই লাখ ৭৫ হাজার পাউন্ড ফেরত পেয়েছে।
মোহাম্মদ ফারুক আহমেদ নামে এক বাংলাদেশি ২০০৮ সালের নভেম্বরে তিনশ বাংলাদেশির কাছ থেকে পাঁচ লাখ ৭০ হাজার পাউন্ড নিয়েছিলেন তাদের হজে পাঠাবেন বলে। সেই অর্থ থেকে দুই লাখ ৭৫ হাজার পাউন্ড তিনি বাংলাদেশে তার একাধিক ব্যাংক এ্যাকাউন্টে স্থানান্তর করেন। এরপর তিনি দেশে চলে আসেন।
বাংলাদেশ থেকে বৃটেনে ফেরার পর গ্রেপ্তার হন ফারুক। গত বছরের জুলাইয়ে তাকে ছয় বছরের কারাদণ্ড দেয় বৃটিশ আদালত। ফারুক লন্ডনে ব্রিক লেনে থাকতেন।
বৃটিশ পুলিশ ফারুকের বাসায় অভিযান চালিয়ে তিনশ পাসপোর্ট উদ্ধার করে। একইসঙ্গে বাংলাদেশে তার নিজের একাধিক এ্যাকাউন্টে উল্লেখিত অর্থ পাচারের নথিও উদ্ধার করে।
ফারুকের কারাদণ্ডের পর থেকেই বাংলাদেশে তার পাচার করা অর্থ ফেরত পেতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছিল বৃটিশ কর্তৃপক্ষ। এরপর গত জুলাই মাসে ওই অর্থ ফেরত দেয়অর নির্দেশ দেয়।
বৃটিশ আদালত কর্তৃপক্ষ ওই অর্থ থেকে প্রতারণার শিকার বাংলাদেশিদের তাদের অর্থ ফেরত দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/২২২৩ ঘ.
bdnews24