২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হচ্ছে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত দ্রুত সম্ভব চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত দ্রুত সম্ভব চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বুধবার বিকালে চট্টগ্রাম নতুন আদালত ভবনে আইনজীবী ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এর আগে তিনি নগরীর কোতোয়ালি এলাকার পরীর পাহাড়ে পুরনো আদালত ভবন সংলগ্ন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল্লাহ। চট্টগ্রামবাসী ও উপস্থিত সাংসদদের পক্ষে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। ২০০০ সালের এপ্রিল মাসে নতুন আদালত ভবনের প্রকল্প অনুমোদন করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "ঐতিহ্যবাহী পুরাতন আদালত ভবন রক্ষা করতে পেরে আমি খুশি।" ভবনটির সংস্কার কাজ অতি দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম আদালত ভবনের সঙ্গে তার শৈশব স্মৃতি ও আন্দোলনের ইতিহাস জড়িত উল্লেখ করে তিনি বলেন, "১৯৮৮ সালের ২৪ জানুয়ারি পুলিশের গুলিতে অনেকে নিহত হন। তখন আইনজীবীরা আমাকে আদালত ভবনে আশ্রয় দেন।" সভায় চট্টগ্রামের মেয়র এম. মনজুর আলম ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। পাশপাশি বসা বর্তমান ও সাবেক মেয়রকে উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এবারের মেয়র নির্বাচনে আমরা জিততে পারিনি। যিনি জিতেছেন সেই মনজুর আমাদের দলের লোক ছিলেন। প্রলোভনের বশবর্তী হয়ে মনজুর দল ত্যাগ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাবেক মেয়র নিজের মেয়াদকালে তাকে ২০ বার মেয়রের দায়িত্ব দিয়েছিলেন। সেই প্রলোভনে মেয়র হওয়ার জন্য ঘরের ছেলে পরের ঘরে গেল। এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন করেছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। অন্যান্যের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাংসদ মাঈনুদ্দীন খান বাদল, শামসুল হক চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী, জাতীয় পার্টি সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক সাংসদ ইসহাক মিয়া, চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানু, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/এইচএ/২১৪০ ঘ.