২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে কাঞ্চন পৌর মেয়র ও প্রকৌশলী লাঞ্ছিত

ঠিকাদারি কাজের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা মেয়র ও প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকাদারি কাজের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা মেয়র ও প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পৌর মেয়র মজিবুর রহমানের কক্ষে ভাংচুরও চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদার সাথী এন্টারপ্র্রাইজের মালিক শিবু আহম্মেদ পৌরসভার সহকারী প্রকৌশলী শামীম মৃধার কাছে কাঞ্চন বাজারে গণ শৌচাগারের কাজের বিল দাবি করেন। ওই বিলে অসঙ্গতি রয়েছে জানিয়ে শামীম মৃধা এ ব্যাপারে মেয়রের সঙ্গে কথা বলতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিবু শামীমকে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌর মেয়র মজিবুর রহমান এলে তাকেও লাঞ্ছিত করেন। মেয়র মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদারী কাজের অতিরিক্ত বিল দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদার শিবু প্রকৌশলী শামীমকে মারধর করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা পৌরসভা কার্যালয়ে ভাংচুর চালায় এবং মুল্যবান কাগজপত্র ও টাকা পয়সা লুট করে। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান তিনি । কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল দাবি করেছেন, ঠিকাদারী কাজের বিল আনতে গেলে ঠিকাদারের কাছে প্রকৌশলী ঘুষ দাবি করে এবং তাকে মারধর করে। এর প্রতিবাদে এলাকার লোকজন প্রকৌশলী ও মেয়রের উপর চড়াও হয়। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০২৮ ঘ.