রাজশাহী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের হলিদাগাছি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- বাঘা উপজেলার তেপুকুরিয়া এলাকার ডাকাত সর্দার নাজিমের তিন ছেলে আলতাব হোসেন (২৪), আলমগীর হোসেন (২১) ও শাহীন হোসেন (১৯) এবং একই এলাকার ইয়াজুলের ছেলে উজ্জ্বল (১৮)।
চারঘাট থানার ওসি হামিদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছ থেকে গুলিসহ একটি পিস্তল, হাতুড়ি, লোহার রড ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ঈদে ঘরে ফেরা মানুষ এবং রাতে চলাচলকারী বাস ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
তাদেরকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫০৪ ঘ.
bdnews24