২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে দেড়শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 06:22 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দেড়শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১২টায় পশ্চিম পটিয়ার শিকলবাহায় এই পিকিং পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুস সালামসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর শিকলবাহা সিডিএ মাঠে এক জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন পিকিং পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার মধ্য দিয়ে পিক আওয়ারে জাতীয় গ্রিডে দেড়শ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। 'ডুয়েল-ফুুয়েল' পদ্ধতির (গ্যাস ও জ্বালানি তেলের মাধ্যমে) এ বিদ্যুৎ কেন্দ্রটি প্রাথমিকভাবে গ্যাসের মাধ্যমে উৎপাদনে গেছে। পরে এতে জ্বালানি হিসেবে তেল ব্যবহারের কথা রয়েছে। পিক আওয়ারে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হবে ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২০০৯ সালের জানুয়ারিতে চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে শিকলবাহায় এ পিকিং পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়। এ বছরের মার্চে এর নির্মাণ কাজ শেষ হয়। ৫৭৫ কোটি টাকা ব্যয়ে এ প্ল্যান্টে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এ বছরের ২৯ জুন। এদিকে গ্যাস নির্ভর হওয়ায় নতুন এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ চট্টগ্রামের অব্যাহত সঙ্কট নিরসনে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, তেমন ইঙ্গিত অবশ্য মিলছে না। চট্টগ্রামের রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের ভিত্তিতেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ স্বল্পতার কারণে অধিকাংশ সময়ে এসব কেন্দ্রে উৎপাদন বন্ধ অথবা সামর্থ্যের চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৭০০ মেগাওয়াট, অফ-পিক আওয়ারে ৫০০ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পিক আওয়ারে ৪৫০ মেগাওয়াট আর অফ-পিক আওয়ারে ৩৭০ থেকে ৩৮০ মেগাওয়াট। চট্টগ্রামের রাউজানের দুটি ইউনিটে ২৮০, কাপ্তাইয়ের ৪টিতে ১৭০ ও শিকলবাহা একটি ইউনিটে ৪০ মেগাওয়াটসহ মোট উৎপাদন ৪৯০ মেগাওয়াট। শিকলবাহার নতুন এ প্ল্যান্টের উৎপাদন যুক্ত হলে উৎপাদন দাঁড়াবে প্রতিদিন ৬৪০ মেগাওয়াটে। অবশ্য তারপরও নতুন এ কেন্দ্র বিদ্যুৎ সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছে সংশ্লিষ্টরা। সরকারি এই পিকিং পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক আসাদুল্লাহ মিয়া কয়েকদিন আগে বলেন, "গ্যাস সরবরাহের স্বল্পতার জন্য সাময়িক অসুবিধা হলেও 'ডুয়েল-ফুয়েল' পদ্ধতি চালু হলে এ সঙ্কট কেটে যাবে।" কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির হিসাব অনুযায়ী, চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। কিন্তু দেওয়া যাচ্ছে মাত্র ২৪০ মিলিয়ন ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২২০ ঘ.