চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর নিজ বাড়ির ভাড়াটের হামলায় আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আফতাব আহম্মেদ।
ভাড়াটের হারিকেনের আঘাতে তার মাথা ফেটে যায়। ক্ষতস্থানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
কোতয়ালী থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর আসকার দীঘির পাড়ে আফতাবের বাড়ি। বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া নিয়ে রাত সাড়ে ন'টার দিকে চার তলার ভাড়াটের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ভাড়াটে হারিকেন দিয়ে আফতাবের মাথায় আঘাত করেন।
এ ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হয়ে হামলাকারীকে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর আফতাব বাড়ি ফিরে গেছেন।
তিনি এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলে পুলিশকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/০০১০ ঘ.
bdnews24