২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বুধবারের মধ্যে বোনাস, না হলে বাড়ি-গাড়ি ঘেরাও'

বুধবারের মধ্যে পোশাক শ্রমিকরা ঈদ বোনাস না পেলে পরদিন মালিকদের বাড়ি-গাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবারের মধ্যে পোশাক শ্রমিকরা ঈদ বোনাস না পেলে পরদিন মালিকদের বাড়ি-গাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার দুপুরে শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা এ ঘোষণা দেয়। তবে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) বলেছে, মঙ্গলবার পর্যন্ত ৯০ শতাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে। বাকিগুলোয় বুধবারের মধ্যে পরিশোধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক। টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান, কেন্দ্রীয় সমন্বয়কারী মাহবুবুর রহমান ঈসমাইল ও বাসদের জেলা শাখা সমন্বয়ক নিখিল দাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে অভিযোগ করা হয়, ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকলেও বেশ কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার চেষ্টা করছেন। অনেকে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েও তা দিচ্ছেন না। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে শ্রমিকদের পক্ষে ঈদ উদযাপন অসম্ভব হয়ে পড়েছে। সময়মতো বেতন-বোনাস না পেলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের মূল বেতনের সমান ঈদ বোনাস পরিশোধ এবং যেসব মালিক বেতন-বোনাস পরিশোধ করবে না তাদের গ্রেপ্তারের দাবি জানান শ্রমিক নেতারা। এদিকে বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) এএইচ আসলাম সানি দাবি করেন, মঙ্গলবার পর্যন্ত ৯০শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। আট সেপ্টেম্বরের মধ্যে বেতন-বোনাস পরিশোধের জন্য সরকার এবং বিকেএমইএ যৌথভাবে সদস্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়। শ্রমিক নেতাদের বক্তব্যকে 'ধাপ্পাবাজি' অভিহিত করে তিনি বলেন, এসব বক্তব্য শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য। এর কোনো ভিত্তি নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২২০ঘ.