মানিকগঞ্জ, ০৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মঙ্গলবার অ্যানথ্রাক্স আক্রান্ত পাঁচজনকে সনাক্ত করা হয়েছে।
এরা হলেন- উপজেলার চর আইরমারা গ্রামের নেছু মিয়া (৫০), ছাহেরা খাতুন (৫২), ওয়াজ উদ্দিন (৩০), রিফাত (৯) ও স্বপন হোসেন (১১)।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. সিদ্ধেশ্বর মজুমদার এ তথ্য নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ অগাস্ট একটি অসুস্থ ছাগলের মাংস খাওয়ার পর এদের শরীরে ক্ষত দেখা দেয়।
স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তারা কিছুটা সুস্থ হয়ে উঠেছে।
খবর পেয়ে তিনি নিজে (সিভিল সার্জন), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হোসেন আহম্মেদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এলাকা পরিদর্শন করেন।
তারা আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, আক্রান্ত এলাকায় গরু-ছাগলকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24