২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো তিন জেলায় অ্যানথ্রাক্স

আরো তিন জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার লালমনিরহাটে ৫৬ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ সনাক্ত করা হয়। এছাড়া মানিকগঞ্জে পাঁচজন ও সাতক্ষীরায় অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো তিন জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার লালমনিরহাটে ৫৬ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ সনাক্ত করা হয়। এছাড়া মানিকগঞ্জে পাঁচজন ও সাতক্ষীরায় অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়। সরকারি হিসাবে গত ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত পাঁচ জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত ৩৩৭ জন রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে ২০৬ জন, পাবনায় ৫৭ জন, কুষ্টিয়ায় ৪৬ জন, টাঙ্গাইলে ১৪ জন ও মেহেরপুরে ১৪ জন। মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নির্ণয়, গবেষণা এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৮ অগাস্ট প্রথম সনাক্ত হওয়ার পর গতকাল (সোমবার) পর্যন্ত পাঁচ জেলায় অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৩৭। এ নিয়ে এ পর্যন্ত ৩৯৯ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ সনাক্ত হল। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার জানান, লালমনিরহাট সদর উপজেলার কিসামত হারাটি গ্রামে অসুস্থ গরুর মাংস খেয়ে ৫৬ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। তিনি বলেন, মঙ্গলবার দুপুর থেকে আক্রান্ত এলাকায় পাঁচ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে। আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। অ্যানথ্রাক্স আক্রান্ত ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলাম মেনহাজ (২৮) জানান, কিসামত হারাটি গ্রামের ভোলা মিয়ার বাড়িতে একটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। গ্রামের লোকজন এই মাংস খাওয়ার পর শরীরে গোটা হয়ে তা ফুলে যাচ্ছে, আর ভেতর থেকে মাংস বেরিয়ে আসছে। এদিকে আক্রান্ত লোকজন যথযথ চিকিৎসা পাচ্ছে না বলে গ্রামের লোকজন অভিযোগ করেছে। মেডিকেল টিম প্রধান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার জানান, এক সপ্তাহ আগে ওই গ্রামে দুইটি গরু অসুস্থ হলে এলাকাবাসী তা অল্প দামে কিনে মাংস ভাগাভাগি করে। এই মাংস খেয়ে তাদের শরীরে এ রোগ সংক্রমিত হয়। এলাকাবাসীর অভিযোগকে অস্বীকার করে সিভিল সার্জন বলেন, আক্রান্তদের চিকিৎসায় কোনো অবহেলা হচ্ছে না। তাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে বলে তিনি জানান। এদিকে লালমানরহাট জেলা প্রশাসক মো. মোকলেছার রহমান সরকার আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ইতোমধ্যেই আক্রান্তদের চিকিৎস্বাসেবা নিশ্চিত করা হয়েছে। আতঙ্কের কিছু নেই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আক্রান্ত পাঁচজন হলেন- উপজেলার চর আইরমারা গ্রামের নেছু মিয়া (৫০), ছাহেরা খাতুন (৫২), ওয়াজ উদ্দিন (৩০), রিফাত (৯) ও স্বপন হোসেন (১১)। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. সিদ্ধেশ্বর মজুমদার এ তথ্য নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ অগাস্ট একটি অসুস্থ ছাগলের মাংস খাওয়ার পর এদের শরীরে ক্ষত দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তারা কিছুটা সুস্থ হয়ে উঠেছে। খবর পেয়ে তিনি নিজে (সিভিল সার্জন), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হোসেন আহম্মেদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এলাকা পরিদর্শন করেন। তারা আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, আক্রান্ত এলাকায় গরু-ছাগলকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছে। এছাড়া সাতক্ষীরায় অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। আক্রান্ত রাশিদা খাতুন (৩৭) জেলা শহরের মধুর মোল্লার ডাঙ্গির লোকমান গাজীর স্ত্রী। মঙ্গলবার সিভিল সার্জন এস জাহাঙ্গীর আতিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকাল ৩টায় সদর হাসপাতালের আইডি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফের চিকিৎসাধীন আছেন। সিভিল সার্জন বলেন, সোমবার বিকাল ৫টার রাশিদা সদর হাসপাতালে এলে ডা. মনোয়ার হোসেন তার ক্ষতস্থানের ছবি নেন। ছবিটি ঢাকার আইইডিসিআর পরিচালক মাহমুদুর রহমানের কাছে ই-মেইলে পাঠানো হয়। তিনি মোবাইল ফোনে জানান, ক্ষতস্থানের ছবি দেখে অ্যানথ্রাক্স আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত রাশিদা সোমবার হাসপাতালে ভর্তি না হয়ে চলে যান। মঙ্গলবার বিকালে আবার এলে তাকে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/এইচএ/২১৩১ ঘ.