চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত কিশোরকে হত্যার তিন মাস পর মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই অপহরণকারী।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (২২) ও রুহুল আমিন ওরফে রাজু (২২)।
সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়ক থেকে র্যাব ও গোয়েন্দা পুলিশের যৌথ দল তাদের দুজনকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ছাইদুল হাসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ মে ব্যবসায়ী আজগর হোসেনের ছেলে আশরাফ হোসেন বাবুকে (১৬) অপহরণ করে সাইফুল ও রাজু। নগরীর ডবলমুরিং থানাধীন রঙ্গিপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে তারা বাবুকে আটকে রাখে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে তিনি বলেন, "কোমল পানীয়ের সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ালে বাবুর মৃত্যু হয়। বাবু মারা যাওয়ার পরও দুই অপহরণকারী তার পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমরা বিষয়টি জেনে অপহরণকারীদের ধরতে ফাঁদ পাতি।"
গ্রেপ্তারকৃত সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৯ সালে বিয়ে করার সময় ঘরের ১৫ ভরি স্বর্ণ চুরি করি। পরিবার বিয়ে না মেনে স্বর্ণ ফিরিয়ে দেয়ার চাপ দেয়। স্বর্ণ বিক্রির ৩ লাখ ১০ হাজার টাকা জোগাড়ের জন্য বাবুকে অপহরণ করি।"
নিহত বাবুর পিতা আজগর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ মে মোবাইল ফোনে অপহরণকারী সাইফুল ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৭ মে সকাল থেকে সে আর যোগাযোগ করেনি।
তিন মাস পর গত ২৬ আগস্ট আবারো মুক্তিপণের টাকার জন্য বাবুর বাবাকে মোবাইলে ফোন করার কথা স্বীকার করে সাইফুল।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে সাইফুল অপহরণের কথা স্বীকার করেছে।
এই ঘটনায় নগরীর হালিশহর থানায় একটি মামলা করেছেন নিহত বাবুবর বাবা আজগর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৮১১ ঘ.
bdnews24