২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ-নলকা-হাটিকুমরুল মহাসড়কের ৬ নং নলকা সেতুর ওপর একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার এসআই মো. জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাইভেট কারটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়।" এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়। আহত হয় ওই পরিবারের অপর এক শিশু। নিহতদের তিনজন একই পরিবারের। অপর দুইজনের মধ্যে একজন গৃহ-পরিচারিকা ও প্রাইভেট কারের চালক। নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আব্দুস সালাম (৪২), তার স্ত্রী ফারহানা বেগম (৩৫), মেয়ে প্রমি (১২) ও চালক মো. বাবু (২৫)। কড্ডা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, প্রমি ঢাকার সিদ্ধেশ্বরী হাইস্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। তবে গৃহ-পরিচারিকার পরিচয় জানা যায় নি। তাদের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। নিহতদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় সি.এম.এইচ. হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। ট্রাফিক পুলিশের সহায়তায় প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। তিনি জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/জেবি/১৭১৬ ঘ.