ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি-প্রাবন্ধিক-গবেষক-গল্পকার আবদুল মান্নান সৈয়দকে সোমবার বিকালে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
বিকাল তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়। এ সময় তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রয়াত কবির স্ত্রী সায়রা সৈয়দ ও একমাত্র মেয়ে জিনান শম্পা, জামাতা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক, খিলখিল কাজী, ক্যামেলিয়া মুস্তাফাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রয়াত এই সাহিত্যিকের কুলখানি মঙ্গলবার বাদ আসর গ্রীনরোডের ৫১/৫২ সুবাস্তু এডিসি টাওয়ারের মসজিদে অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার জামাতা।
এর আগে তিনটি নামাজা জানাজা শেষে তার কফিন আজিমপুরে নিয়ে আসা হয়।
প্রথম জানাজা গ্রীনরোড মসজিদে, দ্বিতীয় জানাজা বাংলা একাডেমীতে এবং সর্বশেষটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত কবির কফিন বাংলা একাডেমীতে নজরুল মঞ্চে রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে কবি-সাহিত্যিকসহ সমাজের সর্বস্তরের মানুষ বাংলা একাডেমীতে জড়ো হন।
সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমী, নজরুল ইন্সটিটিউটসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে আবদুল মান্নান সৈয়দের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর দুপুর ১২টার দিকে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। এতে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সাবেক মহাপরিচালক অধ্যাপক হারুন-অর-রশীদ, অধ্যাপক মনসুর মুসা, কবি সৈয়দ শামসুল হক, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কবি বেলাল চৌধুরী, এখলাস উদ্দিন, আবু সালেহ, আবদুল হাই শিকদারসহ শিল্পী-কবি-সাহিত্যিকরা অংশ নেন। পরে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের জানান, আগামী ১৭ সেপ্টেম্বর বিকালে একাডেমী চত্বরে আবদুল মান্নান সৈয়দ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।
প্রথম নামাজে জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে আবদুল মান্নান সৈয়দের মরদেহ বাংলা একাডেমীতে নেওয়া হয়। প্রথম জানাজায় প্রয়াতের আত্মীয়-স্বজনের পাশাপাশি শুভাকাক্সক্ষীরাও অংশ নেন।
বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলা বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে প্রয়াতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রোববার সন্ধ্যায় ইফতারের সময় অসুস্থবোধ করায় ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে নেওয়ার পথে আবদুল মান্নান সৈয়দের (৬৭) মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী সায়রা সৈয়দ ও একমাত্র মেয়ে জিনান শম্পা, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
ল্যাবএইড থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মরদেহ গ্রীন রোডের বাসভবনে নেওয়া হয়। পরে রাতে মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। সেখান থেকে সকালে নেওয়া হয় গ্রিন রোড মসজিদে।
আবদুল মান্নান সৈয়দের জন্ম ১৯৪৩ সালের ৩ অগাস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে প্রবেশিকা ও ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা সাহিত্যে
bdnews24