কুষ্টিয়া, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পাঁচটি তাজা বোমাসহ সোমবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে আব্দুল আজিজ (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া হোসেনাবাদ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে চন্ডিপুর রেলগেট এলাকার একটি ফার্নিচারের দোকানে তাজা বোমা রাখার অভিযোগে দোকান মালিক আজিজকে আটক করা হয়েছে।
বোমাসহ তাকে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে ভেড়ামারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭০২ ঘ.
bdnews24