ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান ও সাবেক ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ বাদি হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেন।
তাদের মধ্যে বিমানের অর্থ ও হিসাব বিভাগের বর্তমান ব্যবস্থাপক ফরিদউদ্দিন আহমেদ রয়েছেন।
সাবেক কর্মকর্তারা হলেন- হিসাব নির্বাহী (বেতন) হারুন অর রশিদ, হিসাব নির্বাহী (অর্থ ও ব্যাংকিং) এমএএসটি চৌধুরী, ব্যবস্থাপক (বেতন) মোহাম্মদ জিন্নাহ, হিসাব কর্মকর্তা মীর আজিজুর রহমান, সহকারি ব্যবস্থাপক (হিসাব, অর্থ ও ব্যাংকিং) এম এ রব, ব্যবস্থাপক (হিসাব) এম এ আউয়াল, সহকারি ব্যবস্থাপক (হিসাব, অর্থ ও ব্যাংকিং) নূর মোহাম্মদ, হিসাব নির্বাহী (অর্থ ও ব্যাংকিং) গোলাম মোস্তফা এবং ব্যবস্থাপক (অর্থ ও ব্যাংকিং) আব্দুল মালেক।
বিমানবন্দর থানার ওসি শামসুদ্দিন মো. আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ১০ কর্মকর্তার বিরুদ্ধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিন কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের অক্টোবর পর্যন্ত অভিযুক্তরা ভুয়া ভ্রমণ ভাউচার দেখিয়ে বিমানের হিসাব শাখা থেকে টাকা তুলে আত্মসাত করেছেন। একাজে তারা প্রায় এক হাজার ভুয়া ভাউচার ব্যবহার করেন।
কয়েকজন কর্মকর্তার ভ্রমণ বিলের ফটোকপি এবং কার্বন কপি ব্যবহার করে তারা এ জালিয়াতি করেন। ওই কর্মকর্তাদের সইও জাল করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24