ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রসফায়ারকে' বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে মনে করেন না র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মোখলেসুর রহমান।
তিনি বলেন, "কোনো সন্ত্রাসী র্যাবের উপর হামলা করলে, শুধুমাত্র সেক্ষেত্রেই র্যাব পাল্টা গুলি চালায়। র্যাবের মতো এলিট ফোর্স তো পালিয়ে যেতে পারে না। এরকম বন্দুকযুদ্ধে কোন সন্ত্রাসীর মৃত্যু হতে পারে। কিন্তু তাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় না।"
রোববার দুপুরে কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সাংবাদিদের প্রশ্নের জবাবে র্যাব ডিজি জানান, র্যাবের প্রত্যেক সদস্য আইন অনুযায়ী কাজ করে। তারপরও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে, র্যাব সে বিষয়ে সবসময়ই সতর্ক রয়েছে।
দেশে জঙ্গিবাদ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থীরা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন এলিট ফোর্সের প্রধান।
তিনি আরো জানান, জঙ্গি মদতদাতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। যেই দোষী প্রমাণিত হবে, তাকে গ্রেফতার করা হবে।
এছাড়া র্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। একাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। র্যাবের জন্য দুটি হেলিকপ্টার কেনা ও দুটি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব প্রধান জানান।
২ সেপ্টেম্বর পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোখলেসুর রহমান র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০১৩ ঘ.
bdnews24