২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আসছে নতুন কেন্দ্র

দেশে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। চট্টগ্রামে বুধবার থেকে চালু হচ্ছে সরকারি একটি বিদ্যুৎ কেন্দ্র। জানাচ্ছেন মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। চট্টগ্রামে বুধবার থেকে চালু হচ্ছে সরকারি একটি বিদ্যুৎ কেন্দ্র। এই পিকিং পাওয়ার প্ল্যান্ট থেকে পিক আওয়ারে প্রতিদিন ১৫০ মেগাওয়াট আসবে জাতীয় গ্রিডে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহায় অবস্থিত ডুয়েল-ফুয়েল পদ্ধতির এ কেন্দ্রটির উদ্বোধন করবেন। পিকিং পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ মিয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাণিজ্যিকভাবে সরবরাহের জন্য এ প্ল্যান্টটি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। প্রতিদিন পিক আওয়ারে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এ কেন্দ্র। প্রাথমিকভাবে এ কেন্দ্রটি সম্পূর্ণরূপে গ্যাসের ভিত্তিতে পরিচালিত হবে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছে। ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন এ কেন্দ্রে ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে হবে। ২০০৯ সালের জানুয়ারিতে চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে পশ্চিম পটিয়ার শিকলবাহায় পিকিং পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়। এ বছরের মার্চে এর নির্মাণ কাজ শেষ হয়। ৫৭৫ কোটি টাকা ব্যয়ে এ প্ল্যান্টে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এ বছরের ২৯ জুন। এদিকে গ্যাস নির্ভর হওয়ায় নতুন এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ চট্টগ্রামের অব্যাহত সঙ্কট নিরসনে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে,তেমন ইঙ্গিত অবশ্য মিলছে না। চট্টগ্রামের রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের ভিত্তিতেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ স্বল্পতার কারণে অধিকাংশ সময়ে এসব কেন্দ্রে উৎপাদন বন্ধ অথবা সামর্থ্যের চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৭০০ মেগাওয়াট, অফ-পিক আওয়ারে ৫০০ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পিক আওয়ারে ৪৫০ মেগাওয়াট আর অফ-পিক আওয়ারে ৩৭০ থেকে ৩৮০ মেগাওয়াট। চট্টগ্রামের রাউজানের দুটি ইউনিটে ২৮০, কাপ্তাইয়ের ৪টিতে ১৭০ ও শিকলবাহা একটি ইউনিটে ৪০ মেগাওয়াটসহ মোট উৎপাদন ৪৯০ মেগাওয়াট। শিকলবাহার নতুন এ প্ল্যান্টের উৎপাদন যুক্ত হলে উৎপাদন দাঁড়াবে প্রতিদিন ৬৪০ মেগাওয়াটে। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাউজান ও শিকলবাহায় প্রতিদিন গ্যাসের চাহিদা ৯০ মিলিয়ন ঘনফুট। অথচ শনিবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাওয়া গেছে ৮৫ থেকে ৮৭ মিলিয়ন। তিনি আরও জানান, পিকিং পাওয়ার প্ল্যান্টসহ উৎপাদনে গেলে চাহিদা দাঁড়াবে ১২৮ মিলিয়ন ঘনফুটে। এ প্রেক্ষিতে রাউজানের যে কোন একটি ইউনিট বন্ধ করেই নতুন প্ল্যান্টটিতে গ্যাস সরবরাহ করতে হবে। অবশ্য তারপরও নতুন এ কেন্দ্র বিদ্যুৎ সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছে সংশ্লিষ্টরা। পিকিং প্ল্যান্টের প্রকল্প পরিচালক আসাদুল্লাহ মিয়া বলেন, "গ্যাস সরবরাহের স্বল্পতার জন্য সাময়িক অসুবিধা হলেও 'ডুয়েল-ফুয়েল' পদ্ধতি চালু হলে এ সঙ্কট কেটে যাবে।" কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির হিসাব অনুযায়ী, চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৩৩০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। কিন্তু দেওয়া যাচ্ছে মাত্র ২৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চট্টগ্রামের কাফকো সার কারখানায় প্রতিদিন ৬৩ মিলিয়ন ঘনফুট, সিইউএফএল এ ৫০ মিলিয়ন ঘনফুট, রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আবাসিক গ্রাহকদের চাহিদা ২৫ মিলিয়ন ঘনফৃুট। কাফকো ও সিইউএফএল বন্ধ থাকা সত্ত্বেও রাউজান ও শিকলবাহা কেন্দ্রে শনিবার গ্যাস সরবরাহ দেওয়া গেছে ৮৫ থেকে ৮৭ মিলিয়ন ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১৫ ঘ.