গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার গাবতলী (খালপাড়) গ্রামের করিম মাস্টারের ছেলে শাকিল আহাম্মেদ (৩০), তার স্ত্রী কোহিনুর আক্তার (২২) ও তাদের মেয়ে রাহোয়ান আক্তার (৩)। তারা মোটর সাইকেল আরোহী।
গোরাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাকিল তার স্ত্রী সন্তানকে নিয়ে মোটর সাইকেলযোগে টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছিলেন। টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শিলাবৃষ্টি সিএনজি পাম্পের সামনে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
বাসটি আটক করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।
ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই জামাল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৪৩ ঘ.
bdnews24