চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক দু'টি অভিযানে এলজি বন্দুক ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে নগরীর খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার ঈশকান্দার মির্জা বিল্ডিংয়ের সামনে থেকে আক্তার হোসেন ও আদর আলী নামে দুইজনকে এলজি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টের তামজিদ আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।"
এর আগে শুক্রবার রাতে অপর এক অভিযানে একই থানার নিউ শহীদ লেইন বিহারী কলোনী থেকে ৩৯ পুরিয়া হেরোইনসহ মো. দুলাল ও মো. কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এরা মাদক ব্যবসায়ী বলে জানান ক্যাপ্টেন তামজিদ।
তিনি জানান, গ্রেপ্তারের এ দু'টি ঘটনায় পৃথক দু'টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেবি/পিডি/২১২২ ঘ.
bdnews24