ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর ডেমরায় ডাকাতিতে বাধা হয়ে দাঁড়ানোয় এলাকার নৈশ প্রহরীদের উপর আক্রমণ করেছে ডাকাত দল।
শুক্রবার গভীর রাতে ডেমরার ডগাই এর দক্ষিণ-পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোঃ আফসার জানান, ডাকাতের উৎপাত খুব বেশি হওয়ায় এলাকাবাসী নৈশ প্রহরী রেখে নিজেদের মতো করে নিরাপত্তার ব্যবস্থা করে। ফলে কিছুদিন ধরে ডাকাতরা এলাকায় এসেও ডাকাতি করতে পারছে না। তাই শুক্রবার রাতে একদল ডাকাত নৈশ প্রহরীদের উপর আক্রমণ করেছে।
তিনি আরও বলেন, ১৫ থেকে ২০ জন ডাকাত প্রথমে ২ জন প্রহরীর উপর আক্রমণ করে। তাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসে। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে করতে পালিয়ে যায়।
এ ঘটনায় মোঃ নঈমুদ্দিন (৫৫) ও গোলাম মোস্তফা (৩৫) নামে দুই নৈশ প্রহরীসহ ৫ জন আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেমরা থানার সহকারি উপপরিদর্শক খুকিন রায় জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় পূর্ব শক্রতার জের ধরে এ আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/২০০৫ ঘ.
bdnews24