ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে যুক্ত করার দাবি জানিয়েছে শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফ।
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে শনিবার দেখা করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ দাবি জানায়।
তবে সুরঞ্জিত স্বায়ত্তশাসন দেওয়ার বিষয়টি নাকচ করেছেন। একইসঙ্গে আদিবাসী ও পাহাড়ি সংগঠনগুলোকে একসঙ্গে বসে একটি সমন্বিত দাবিনামা ঠিক করার পরামর্শও দিয়েছেন তিনি।
ইউপিডিএফ সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা ও শান্তি দেব চাকমা তাদের সংগঠনের সভাপতি প্রসিত বিকাশ খিসা স্বাক্ষরিত একটি চিঠি সুরঞ্জিতের কাছে হস্তান্তর করেন। তাদের সঙ্গেই সুরঞ্জিতের সঙ্গে বৈঠকে বসেন আদিবাসী অধিকার ফোরাম ও খাগড়াছড়ি জেলা কারবারি অ্যাসোসিয়েশন নামে আরো দুটি সংগঠন।
সংসদ ভবনে ওই বৈঠকের পর উজ্জ্বল স্মৃতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে থেকে জানিয়ে আসা স্বায়ত্তশাসনের দাবিটি পুনর্ব্যক্ত করেছি আমরা।"
সংগঠনের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক শান্তিদেব বলেন, "সংসদীয় কমিটি সংবিধান পর্যালোচনা করছে। এর ফলে আমাদের সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে, তাই আমরা এখানে এসেছি।"
সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, "আমি তাদের বলেছি, বাংলাদেশের সংবিধানের অধীনে স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব নয়। তবে উপজাতিদের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে জনমত রয়েছে।"
তবে ইউপিডিএফ তাদের দাবি জানাতেই পারে- এই মন্তব্য করে সুরঞ্জিত জানান, সরকার সংবিধানের আলোকে সে সব দাবি খতিয়ে দেখবে। প্রয়োজনে কমিটির সভায় তাদের আমন্ত্রণ জানানো হবে।
আদিবাসী অধিকার ফোরাম ও খাগড়াছড়ি জেলা কারবারি অ্যাসোসিয়েশন তাদের দাবিনামায় পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অথবা বিশেষভাবে শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানায়।
সুরঞ্জিত বলেন, "তাদের নিজেদের মধ্যে এবং পার্বত্য তিন জেলার সাংসদদের সঙ্গে আলোচনর মাধ্যমে আমাদের কাছে একটি সমন্বিত দাবি জানানোর পরামর্শ দিয়েছি আমি।"
আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং জাতিসত্ত্বার স্বীকৃতি দাবিতে ১৯৭৫ সালে মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম শুরু করে একদল পাহাড়ি। গঠন করা হয় শান্তি বাহিনী। যার নেতৃত্বে ছিলেন এমএন লারমার ছোট ভাই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
এমএন লারমার মৃত্যুর পর ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির আওতায় সশস্ত্র লড়াইয়ের পথ ছাড়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি। ওই সময় চুক্তির বিরোধিতাকারী পাহাড়ি নেতারা ইউপিডিএফ গঠন করেন। এরপর থেকে দুটি সংগঠনের মধ্যে সংঘাত-সহিংসতা লেগে আছে।
শান্তি চুক্তির অধীনে ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে বহু সেনাক্যাম্প প্রত্যাহার করে নিয়েছে সরকার। এছাড়া এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় চুক্তির অধীনে আদিবাসীদের ভূমি অধিকার রক্ষায় প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে, যদিও তা এখনো পরিপূর্ণভাবে কার্যকর হয়নি।
সন্তু লারমা অভিযোগ করে আসছেন, শান্তি চুক্তি বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না সরকার।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, সংবিধানে সব ক্ষুদ্র জাতিসত্ত্বার স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবিতে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর যৌথ উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে পথসভার কর্মসূচি চলছে।
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সংগঠনের স্থানীয় নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24