২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের পরিণতি মানুষ দেখবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের কী পরিণতি হয় এদেশের মানুষ তা দেখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

শেরপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের কী পরিণতি হয় এদেশের মানুষ তা দেখবে। তিনি বলেন, "অনেকেই ভেবেছিল একাত্তর সালে যা খুশি করেছি মানুষ সব ভুলে গেছে। কিন্তু কেউ ভুলে যায় না। অনেক জায়গায় ৬০ বছর পরও যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। আমাদের ৪০ বছর হয়েছে। আমরা বিচার শুরু করেছি। ন্যায়বিচার হবে।" শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও বাজারে ঈদ উপলক্ষে এলাকার অসহায়, দুস্থ ও গরীব মানুষের মধ্যে ভিজিএফ-এর চাল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি, থ্রি পিস ও খেঁজুর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, "শেখ হাসিনার সরকার গরীব মানুষের সরকার, কৃষকের আর সাধারণ খেটে খাওয়া মানুষের সরকার। শেখ হাসিনার সরকার থাকলে সার নিয়ে ভেজাল হয় না। কিন্ত না থাকলে সার নিয়ে অবরোধ হয় মানুষও মারা যায়।" তিনি বলেন, "আমরা শুধু বিচার করবো না, দেশের উন্নয়নও করবো।" পরে কৃষিমন্ত্রী কলসপাড় ইউনিয়নের ৬৬৪ জন অসহায়, দুস্থ ও গরীব নারী-পুরুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খেঁজুর ও থ্রি পিস এবং নিজস্ব তহবিল থেকে ২৮৮ জনের মধ্যে শাড়ি বিতরণ করেন। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) মো. আনিসুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে কৃষিমন্ত্রী আগামী তিনদিন নালিতাবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ২ হাজার ৬ শ ৬৪ জন দুঃস্থ ও গরীব মানুষের মধ্যে মাথা পিছু ১০ কেজি করে ৮১ হাজার ৬৮০ কেজি চাল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০০ টি থ্রি পিস, ৩০০ শাড়ি ও ৭২০ কেজি খেঁজুর এবং মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এলাকার ৩ হাজার ৭৪৪ জনের মধ্যে শাড়ি বিতরণ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪৭ ঘ.