সাভার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার পলাশবাড়ি থেকে শুক্রবার বিকালে গার্মেন্টস শ্রমিক নেতা আলী রেজা চৌধুরী তুহিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার ও পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
তুহিন গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ি বালুর মাঠ থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে বালুর মাঠের পাশের ঝোপ থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।
মোজাম্মেল হক দাবি করেন, আশুলিয়া শিল্পাঞ্চলে নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন তুহিন। বিভিন্ন তৈরি পোশাক কারখানায় হামলার পর থেকেই তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল।
তিনি আরো জানান, সরকার ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে বিক্ষোভের সময় গত ৩১ জুলাই আশুলিয়া শিল্পাঞ্চলে উচ্ছৃঙ্খল শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। এসময় ঢাকা জেলা পুলিশ সুপারিনটেনডেন্টের দেহরক্ষী রুহুল আমিনের একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি এবং আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন শাহ পারভেজের একটি ওয়াকিটিকি সেট লুট হয়। বেশ কয়েকজন ঊধ্বর্তন কর্মকর্তা ওই হামলায় আহত হন।
এ ঘটনায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবিদ হোসেন বাদী হয়ে তিন হাজারের বেশি শ্রমিককে আসামি করে একটি মামলা করেন। এর মধ্যে আলী রেজা চৌধুরী তুহিনসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়।
অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুহিনের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।
তুহিন নড়াইলের লোহাগড়া থানার চরকোটাকুল গ্রামের ইনজাহার চৌধুরীর ছেলে। আশুলিয়ার পলাশবাড়িতে মোতালেব হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24