আমিনূর রহমান রাসেল ও কামরুল হাসান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ও সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দু'টি ইউনিয়নের অর্ধ লাখেরও বেশি আইলা দুর্গত মানুষের জীবনে ঈদকে ঘিরে কোনো আনন্দ নেই। গতবারের মতো এবারও তাদের অনেকেই অর্ধাহারে রোজা রাখছেন।
ঘূর্ণিঝড় আইলার ১৫ মাস পরও তারা বেড়িবাঁধে মানবেতর জীবনযাপন করছে। এ এলাকার মানুষের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র ছিল চিংড়ি ঘের। আইলার আঘাতে এখন ঘের বলতে কিছু নেই।
কর্মসংস্থানের সুযোগ না থাকায় শ্যামনগরের পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের আইলা দুর্গত মানুষের কোনো আয়-রোজগার নেই।
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের আহসান হাবিবের স্ত্রী আক্তার বানু।
ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আইলার আগে ইফতার ও সেহরিতে নানা আয়োজন থাকত। এখন শুধুই মুড়ি আর ছোলা দিয়ে ইফতার করি। সেহরিও ঠিকমতো করতে পারি না। এর উপর আবার ঈদ। আমাদের জীবনে কোনো ঈদ নেই, নেই আনন্দ।"
তিনি বলেন, আগে বাড়িতে শাক-সবজি উৎপন্ন হতো। এখন সব কিছুই বাজার থেকে কিনতে হয়। কর্মসংস্থানের অভাবে স্বামীর আয় কম। তিন সদস্যের সংসারে কখনো কখনো আধপেটা থাকতে হয়।
২০০৯ সালের ২৫ মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ উপকূলীয় এলাকায় অন্তত ১৯০ জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুধু আক্তার বানু নয়, এমন চিত্র শ্যামনগরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের অধিকাংশ পরিবারেই।
এই দুই ইউনিয়নের ৬০ হাজারেরও বেশি মানুষ দ্বিতীয় বছরের মতো ঈদ উদযাপন থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকার মানুষের মাঝে ঈদের কোনো আমেজ নেই। ঈদে সন্তানদের নতুন জামা-জুতা কিনে দেওয়ার সামর্থ্য নেই অনেকরেই। তেমনি অনেকেই কিনতে পারছে না ঈদের দিনের অন্যতম উপকরণ সেমাই-চিনি।
গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মনোয়ার শেখ মনু বলেন, "পেট ভরে খেতে পারি না। আবার ঈদ! এলাকায় কাজ নেই, আয় নেই, ঈদ করার জন্য টাকা পাবো কোথায়?"
গাবুরার ডুমুরিয়া ঘাটের বেড়িবাঁধে আশ্রয় নেওয়া খোদেজা খাতুন বলেন, ঈদের দিন ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড়ের কথা ভাবছি না, সেমাই-চিনি হলে ভালো হতো।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, আইলা আঘাত হানার ১৫ মাস পরও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ঠিকমতো মেরামত হয়নি। ফলে এলাকার মধ্যে জোয়ার-ভাটার সময় পানি আসা-যাওয়ায় চিংড়ি ঘেরগুলো ভেসে যাওয়ায় এলাকার অধিকাংশ লোক কর্মহীন হয়ে পড়ে।
পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে ছয় দশমিক ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।"
এছাড়া এবার বেসরকারি পর্যায়েও তেমন কোনো সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান তিনি।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আজম লেলিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ উপলক্ষে সরকারিভাবে গাবুরার জন্য আট দশমিক ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। কিন্তু ইফতার সামগ্রীর জন্য আলাদা কোনো বরাদ্দ এখনো আসেনি।"
তবে এই দুই ইউনিয়নের অধিবাসীরা সরকারি এই সাহায্য অপ্রতুল বলে দাবি করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ জুলাই আইলা দুর্গত শ্যামনগর উপজেলা সদরের নকিপুর হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহ নির্মাণের জন্য অনুদান কার্যক্রম উদ্বোধন করেন।
কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ওই টাকা বিতরণ হয়নি।
সাতক্ষীরার জেলা প্রশাসক আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাংক হিসাবে অনুদানের টাকা পাঠানো হয়েছে। তবে সেই টাকা উত্তোলনের অনুমতি এখনো দেওয়া হয়নি।
অনুদান বিতরণের নামের তালিকা প্রণয়ন সঠিক হয়নি অভিযোগে স্থানীয় সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এ নিয়ে জটিলতার কারণে তালিকা যাচাই-বাচাই করতে সময় লেগেছে বলে জানান জেলা প্রশাসক।
ঈদের পর যাতে ক্ষতিগ্রস্ত মানুষ এই টাকা উত্তোলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের ৪৮ হাজার পরিবারের গৃহ নির্মাণ অনুদানের জন্য ২০ হাজার টাকা করে মোট ৯৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/এএনএস/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24