ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন।
শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে রাস্তা থেকে হকারদের উচ্ছেদ করতে গেলে এই সংঘাত বাঁধে বলে পুলিশ দাবি করছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ১৩ জনকে। তবে হকারদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় পুলিশ তাদের ওপর হামলা চালায়।
হকারদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আধা ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঈদের কয়েকদিন আগে ছুটির দিনে সরগরম গুলিস্তান এলাকায় এই সংঘর্ষের কারণে ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়। আশপাশের সড়কেও দেখা দেয় ব্যাপক যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে স্টেডিয়াম এলাকা পর্যন্ত হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর হয়।
ওসি শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হকাররা রাস্তার ওপর দোকান সাজিয়ে বসায় ছুটির দিনেও যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সরাতে গেলে তারা উল্টো পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশ বক্সেও হামলা চালায়।"
হকাররা পুলিশের দুটিসহ সাত থেকে আটটি গাড়ি ভাংচুর করে বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে এবং এর মধ্যে সাত জন পুলিশ সদস্য।
ওসি বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়েছি।"
ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে রওশন আলী নামে একজন হকার বলেন, "পুলিশ আমাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। আমরা দিতে রাজি না হলেই নানা কারণ দেখিয়ে আমাদের উচ্ছেদ করতে চায়। আজকেও সেটা করতে এসেছে বলে আমরা বাধা দিয়েছি। তখন পুলিশ আমাদের পিটিয়েছে।"
পুলিশের পিটুনি ও রাবার বুলেটে আহতদের মধ্যে কয়েকজন ক্রেতাও রয়েছেন বলে তিনি জানান।
পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাদেরও চাঁদা দিতে বাধ্য হন বলে নাজমুল হক নামে অপর এক হকার অভিযোগ করেন।
ক্ষমতাসীন দলের নেতাদের চাঁদা দেওয়ার কারণ জানতে চাইলে নাজমুল বলেন, "পুলিশরে বিশ্বাস নাই, তারা এরকম ঝামেলা প্রায়ই করে। তাই পুলিশকে ঠেকাতে নেতাদেরও চাঁদা দিতে বাধ্য হই।"
যেসব হকার গ্রেপ্তার হয়েছে তাদেরকে এই নেতারাই ছাড়িয়ে আনবে বলে তিনি দাবি করেন।
হকারদের এই অভিযোগ নাকচ করে শহিদুল বলেন, শুধু রাস্তা আটকে থাকা হকারদের পুলিশ সরিয়ে দিয়েছে। কারণ এদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু ফুটপাতে যেসব হকার রয়েছে, তাদের উচ্ছেদের কোনো চেষ্টা করা হয়নি।
"এখানে চাঁদার কোনো বিষয় নেই। চাঁদার কারণে হলে তো সব হকারদের বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা নিত", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসআইএম/এমআই/এএনএস/এইচএ/১৯৫৬ ঙ.
bdnews24