২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বাজারে চাঁদাবাজি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বিভিন্ন বিপণি বিতানে ঈদ বাজারে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপ নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 09:34 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন বিপণি বিতানে ঈদ বাজারে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপ নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার রাজধানীর বিভিন্ন বিপণি বিতান ঘুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, "ইস্টার্ন মল্লিকা, গাউসিয়া ও নিউমার্কেটে বিক্রেতা ও ক্রেতাদের সাথে কথা বলে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সবাই স্বাচ্ছন্দ্যে ঈদের শপিং করছে।" মার্কেটগুলোতে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয় সেজন্য স্থানীয় সাংসদরাও পর্যবেক্ষণ করছেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা নীরব চাঁদাবাজির শিকার বলে যে অভিযোগ পাওয়া গেছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ব্যবসায়ীরা নীরব বা সরব কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ করেননি।" আর ঈদের বাজারে যারা চাঁদাবাজির অভিযোগ করছেন তারা ষড়যন্ত্র করছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৫২৭ ঘ.