ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকানো এবং তাদের প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ ব্যাপারে সহায়তা চান।
আব্দুর রাজ্জাক বলেন, রোহিঙ্গা সমস্যা কক্সবাজার এলাকায় একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। সরকার এ সমস্যার কূটনৈতিক সমাধান চায়। এজন্য কূটনৈতিক তৎপরতা চলছে। সেইসঙ্গে রোহিঙ্গাদেও ওপর জরিপ চলছে। জরিপের পর এদের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হলেই আরো বেশি করে তাদের অনুপ্রবেশ শুরু হয়ে যায়। তাই তাদের নিবন্ধন করা যাচ্ছে না। তবে অনেক রোহিঙ্গা এখনো শরণার্থী শিবিরের বাইরে বসবাস করছে বলে তিনি জানান।
এ সময় রোহিঙ্গা সমস্যা ছাড়াও মন্ত্রীর সঙ্গে খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে বাংলাদেশের প্রণীত খসড়া বিনিয়োগ পরিকল্পনা নিয়েও রাষ্ট্রদূতের আলোচনা হয়।
খাদ্যমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে বাংলাদেশের প্রণীত খসড়া বিনিয়োগ পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত করা হচ্ছে। এজন্য খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির কর্মপরিধি বাড়ানো হবে। এতে খাদ্য নিরাপত্তায় উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ এবং বিনিয়োগ করা অর্থ ব্যবহারের ক্ষেত্রে সমন্বয় আরো সহজ হবে।
এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে বাংলাদেশের প্রণীত পরিকল্পনার খসড়া দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেওয়া হয় বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া।
প্রতিনিধি দল মন্ত্রীকে বলেছে, এ পরিকল্পনাটি বিভিন্ন উন্নয়ন সহযোগীদের বিনিয়োগের প্রধান দলিল হিসেবে কাজ করবে। গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির অর্থ পেতে হলে পরিকল্পনাটি দ্রুত চূড়ান্ত করতে হবে।
খাদ্য মন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, বাংলাদেশ ইতোমধ্যে গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম থেকে সহযোগিতা পেয়েছে। খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশ কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারেরও পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24