ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও সিরাজগঞ্জে বৃহস্পতিবার আরো ১০ জনের শরীরে অ্যানথ্রাক্স জীবাণু সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মদহ গ্রামের পাঁচজন এবং কামারখন্দ উপজেলার ধলেশ্বর ও ধোপাকান্দি গ্রামের পাঁচজন রয়েছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্যকর্মীরা আরো পাঁচ জনকে অ্যানথ্রাক্স সংক্রমিত হিসাবে চিহ্নিত করেছেন। এরা হলেন- মাহাবুল, তোফাজ্জেল, শিপলু, লাবলু ও ভুলু।
এ নিয়ে গত দুই দিনে সীমান্তবর্তী এই গ্রামটির ২১ জনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হলো।
বুধবার একই গ্রামের ১৬ জনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়। তাদেরসহ পুরনো রোগীদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. সালেহ আহমেদ জানান, এর বাইরে আর কেউ সংক্রমিত হয়েছেন কি না তা যাচাই করে দেখা হচ্ছে।
সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. জীতেন্দ্র চন্দ্র রায় ধর্মদহ গ্রাম পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, "বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের স্বাস্থ্যকর্মীরা সংক্রমিতদের চিকিৎসা দিচ্ছেন।"
সিরাজগঞ্জে নতুন করে অ্যানথ্রাক্স সংক্রমিতরা হলেন কামারখন্দ উপজেলার ধলেশ্বর ও ধোপাকান্দি গ্রামের আলতাফ হোসেন (৪৫), ফাতেমা খাতুন (২০), শেফালী বেগম (২০), হোসনে আরা (২০) ও নূরজাহান (৭০)।
জেলার সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন করে সংক্রমিতদের চিকিৎসা শুরু হয়েছে। তাদের ১০ দিনের অ্যান্টিবায়টিক দেওয়া হয়েছে।
তিনি জানান, ১০ দিন ওষুধ সেবনের পর যারা পুরোপুরি সুস্থ হননি, বয়স ও রোগের অবস্থা বুঝে তাদের আরো পাঁচ অথবা সাত দিনের ওষুধ দেওয়া হয়েছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নতুন করে অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশুর সন্ধান পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় মোট ১৯টি গরু ও তিনটি ছাগল আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, গবাদি পশুকে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলার সব গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২২৫০ ঘ.
bdnews24