ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার জনপ্রিয়তা হারিয়েছে দাবি করে তা প্রমাণের জন্য জনমত যাচাইয়ের চ্যালেঞ্জ ছুড়ছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বৃহস্পতিবার বলেছেন, "টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি ও জনদুর্ভোগ লাঘবে সম্পূর্ণ ব্যর্থ এই সরকারের প্রতি জনগণের আর কোনো সমর্থন নেই। সরকারকে বলছি, বিরোধী দলের ওপর মিথ্যা-রাজনৈতিক মামলা প্রত্যাহার করে সবার জন্য সমান পরিবেশ তৈরি করুন। এরপর জনমত যাচাই করে দেখুন- আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।"
নিরঙ্কুশ জনসমর্থন নিয়ে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই বছর পূর্তির কয়েকমাস আগে এই দাবি জানালেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "আমরা জানি সরকার নিজেদের জনমত যাচাই করতে সম্মত হবে না। তারপরও আমরা আহবান জানাচ্ছি- জনগণের সমর্থন থাকলে জনমত যাচাই করে দেখুন।''
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় দেলোয়ার আরো অভিযোগ করেন, সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করে।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান উচ্চতর আদালত থেকে জামিনে মুক্তি পান। গত দুই বছর ধরে বিএনপি এই দিনটিকে তারেকের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।
সরকারের সমালোচনা করে দেলোয়ার বলেন, "তারা যত নির্যাতনই করুক না কেন একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জিয়ার আদর্শকে কোনো দিন আওয়ামী লীগ জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না।''
জরুরি অবস্থার সময়কার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "বর্তমান সরকারও সেই অবৈধ সরকারের মতো বাংলাদেশের রাজনীতি থেকে জিয়া পরিবারকে উচ্ছেদ করতে চায়। এ লক্ষ্যে তারা একের এক চক্রান্ত ও নীল নকশা করছে। কিন্তু কোনো পরিকল্পনাই কাজে আসবে না।"
ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।
সভায় সুলতান সালাউদ্দিন জানান, তারেকের মুক্তি দিবস উপলক্ষে ছাত্রদল শুক্রবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে শেরে বাংলানগরে প্রয়াত নেতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে। এছাড়া জেলায় জেলায়ও শোভাযাত্রা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৭ ঘ.
bdnews24