২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে লঞ্চে ডেক শ্রেণীর ভাড়া কমানোর ঘোষণা

ঈদ উপলক্ষে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের নৌ-পথে ডেক শ্রেণীর যাত্রীদের ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে লঞ্চ মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের নৌ-পথে ডেক শ্রেণীর যাত্রীদের ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে লঞ্চ মালিক সমিতি। বৃহস্পতিবার দুপুরে পল্টনে লঞ্চ মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-বরিশালসহ বিভিন্ন নৌ-পথে বিশেষ সার্ভিসসহ লঞ্চ চলাচলের তালিকা তৈরি করা হয়েছে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য লঞ্চ নিয়ন্ত্রণে মালিকদের মধ্যে পর্যায়ক্রমে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া লঞ্চগুলোকে যে সব নিয়ম মেনে চলতে হবে তা লঞ্চের মাস্টার ও মালিকদেরও অবহিত করা হয়েছে বলে জানান তিনি। মাহবুব উদ্দিন আরো বলেন, "আমরা যাত্রীদের সুবিধা দেখব। কিন্তু ঈদের সময় নিয়মিত যাত্রীর তুলনায় প্রায় পাঁচগুণ বেশি যাত্রী পরিবহন করতে হয়। তাই এ সময় যাত্রীদের সুবিধার বিষয়টি দেখা একটু কঠিন।" বছরের অন্যান্য সময়ে দক্ষিণাঞ্চলে প্রতিদিন প্রায় ৩০ হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করে বলে জানান তিনি। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রী সংখ্যা দাঁড়ায় দেড় লাখের বেশি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সমিতির সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, কার্যকরী সদস্য শাহাবুদ্দিন মিলন, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেবি/এইচএ/১৬৫০ ঘ.