পঞ্চগড়, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পঞ্চগড়ের দেবীগঞ্জে এক বিএনপি নেতার কিশোর ছেলে খুন হয়েছে।
নিহত রাজু চৌধুরী (১৩) উপজেলা বিএনপি সহ-সভাপতি সফিয়ার রহমান চৌধুরীর দ্বিতীয় স্ত্রী রেলী বেগমের ছেলে। সে দেবীগঞ্জের নিপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
সোমবার দেবীগঞ্জ শহরের সবুজপাড়া মহল্লার একটি পরিত্যক্ত পাট গুদাম থেকে রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাজুর সৎভাই ডাবলু চৌধুরীকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১১ অগাস্ট সফিয়ার ও তার পরিবারের অন্যরা দ্বিতীয় স্ত্রী রেলী বেগমকে বাড়ি থেকে বের করে দেন। রেলী ছেলেকে নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার গোমতি কেটকিপাড়া গ্রামে বাবার বাড়ি চলে যান।
চারদিন আগে রাজুর বাবা সফিয়ার সেখানে গিয়ে ছেলেকে সবুজপাড়ায় নিজের বাড়িতে নিয়ে আসেন। তার পরদিনই রাজু বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে প্রচার করেন সফিয়ার ও পরিবারের সদস্যরা।
সোমবার বিকালে বাড়ি থেকে প্রায় দেড়শ' গজ দূরে পাটের গুদামে রাজুর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
দেবীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সম্ভবত নিখোঁজ হওয়ার দিনই রাজুকে হত্যা করা হয়। লাশ উদ্ধারের সময় তার হাত-পা ও শরীর ফোলা ছিল। শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন আছে। ফাঁস দিয়ে মারা যাওয়ার কোনো আলামত ছিল না।
পারিবারিক বিরোধের জেরে স্বজনরাই তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় রাজুর মা ডাবলুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
রাজুর মা রেলী বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে প্রায়ই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24