টাঙ্গাইল, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুর্শী গ্রামে ১৪ জনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এছাড়া পাশের মুজাহাটি গ্রামে এ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দু'টি গরু মারা গেছে।
মঙ্গলবার সকালে প্রাণিসম্পদ বিভাগ থেকে এলাকায় সব গরুকে টিকা দেওয়া শুরু হয়।
আক্রান্তদের উপজেলা হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এজন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সদর উদ্দিন, উপজলো প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিবানী দত্ত মঙ্গলবার এলাকায় গিয়ে রোগীদের সনাক্ত করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিবানী দত্ত জানান, কুরমুর্শী গ্রামের আবদুল লতিফ গত ১৯ অগাস্ট একটি গরু কেনেন। ২৩ অগাস্ট গরুটি অসুস্থ হলে জবাই করে কয়েকজন মাংস ভাগ করে নেন।
তিনি বলেন, যারা জবাই ও মাংস ভাগ করেছে তাদের মধ্যে ১৪ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সদর উদ্দিন জানান, আক্রান্তরা হলেন- হারুন (৩০), খলিল (৩৫), বিপ্লব (১৫), ছালাম (৪০), কাদের (৩০), রফিকুল (৩০), সুমন (২০), রাসেল (২৫), কদবানু (৫৫), রহিমা (৩৫), সাবিনা (১৫), হাসি (৭), জিহাদ (৪) ও হাকিম (৩০)।
তিনি বলেন, এদের রোগ প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে। মেডিক্যাল টীম গ্রামে গিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে।
এদিকে জবাই করা গরুর ভুড়ি মিন্টু তালুকদার নামে একজন পাশের মুজাহাটি গ্রামে নিয়ে যান। মঙ্গলবার তার দু'টি গরু মারা যায়।
স
bdnews24