গাইবান্ধা, ৩১ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে পুলিশের সঙ্গে সঙ্গে সংঘর্ষে এক মটর শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে এই সংঘর্ষে আহত হয়েছে আরো অন্তত সাতজন।
স্থানীয় শ্রমিক নেতারা দাবি করেছেন, পুলিশের লাঠির আঘাতে মারা গেছেন এই শ্রমিক।
অন্যদিকে পুলিশের দাবি, সংঘর্ষে এই শ্রমিক মারা যায়নি। একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলামের (৩৫) বাড়ি উপজেলার কুঞ্জমালঞ্চা গ্রামে। তিনি গোবিন্দগঞ্জের একটি বাসের শ্রমিক ছিলেন।
এই ঘটনায় উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আক্কাস আহম্মেদ জানান, রোববার দিনাজপুরে একটি বাসকে সাইড দেওয়া নিয়ে গোবিন্দগঞ্জের বাস শ্রমিক আকতার হোসেনকে (৪৫) সেখানকার মটর শ্রমিকরা মারধর করে।
এর জের ধরে মঙ্গলবার বিকালে গোবিন্দগঞ্জের একদল মটর শ্রমিক মায়ামনি মোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে।
এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সংঘর্ষে আহত নজরুল ও সাইফুলকে (৩৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মারা যান নজরুল।
নজরুলের মৃত্যুর খবর পেয়ে গোবিন্দগঞ্জ সদরে বিক্ষোভ করে শ্রমিকরা। মিছিলটি হিরক সিনেমা হল অতিক্রম করার সময় পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24