২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরো একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে চট্টগ্রামে আরো একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে চট্টগ্রামে আরো একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সীতাকুণ্ডের মাদাম বিবির হাটের মেসার্স রহিম স্টিল কোম্পানিতে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করেন। এ নিয়ে দ্বিতীয় কোনো শিপ ইয়ার্ডকে পরিবেশ আইন ভাঙ্গার অপরাধে জরিমানা করা হলো। রোববার একই উপজেলার মেসার্স সুলাতান শিপ ব্রেকিং ইয়ার্ডকে সাত লাখ টাকা জরিমানা করা হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমুদ্র উপকূলে ছয় দশমিক ৮২ একর এলাকা জুড়ে ওই ইয়ার্ডটিকে পরিবেশ আইন লঙ্ঘন, দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকা এবং পরিত্যক্ত জাহাজ কাটার সময় নিরাপদ ব্যবস্থা গ্রহণ না করার অপরাধে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এই ইয়ার্ডটিতে গত বছরের ২৬ ডিসেম্বর এম টি এগেইট নামে একটি পুরনো অয়েল ট্যাংকার কাটার সময় বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শ্রমিক নিহত ও সাতজন আহত হন। কোনো নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় তখন ওই দুর্ঘটনা ঘটে। পরিত্যক্ত জাহাজটি বিপদজ্জনক পেট্রোলিয়াম পদার্থ থেকে মুক্ত নয় বলে বিস্ফোরক অধিদপ্তর থেকে সতর্ক করে দেওয়া হলেও ইয়ার্ড কর্তৃপক্ষ ওই সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি বলে জানান মুনীর চৌধুরী। অর্থদণ্ডের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর ইয়ার্ডটিকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটির পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ইয়ার্ডটির মালিক মো. হুমায়ুন কবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/১৯৩২ ঘ.