চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে ৮ঘন্টা ধর্মঘট পালন করেছে পরিবহন শ্রমিকরা।
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকায় এক পরিবহন শ্রমিক প্রহৃত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭টা থেকে তাৎক্ষণিক ধর্মঘটের ডাক দেয় আরাকান পরিবহন শ্রমিক ইউনিয়ন।
ওই শ্রমিককে প্রহারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির ব্যাপারে পুলিশ প্রশাসন আশ্বাস দিলে শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর ২ টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়।
আরাকান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শ্রমিককে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাৎক্ষণিক এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।"
তিনি বলেন, "জেলা পুলিশ সুপার (এসপি) জেড এ মোর্শেদ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পর দুপুরে ধর্মঘট প্রত্যাহার করা হয়।"
ধর্মঘট প্রত্যাহার করার পর ওই রুটগুলোতে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৪২৭ ঘ.
bdnews24