চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাামে দেশের সবচেয়ে বড় ও আড়ম্বরপূর্ণ জন্মাষ্টমী শোভাযাত্রা হবে বুধবার।
সোমবার নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবে জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী।
সুকুমার জানান, ভগবান শ্রী কৃক্ষের আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী শোভাযাত্রা নগরীর জেএমসেন হল থেকে বুধবার সকাল ১০টায় বের হবে।
এ শোভাযাত্রা দেশের সবচেয়ে বড় ও আড়ম্বরপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "গত ২৭ বছর ধরে এ শোভাযাত্রা আয়োজিত হয়ে আসছে। এবার এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।"
এ ছাড়া এ উপলক্ষে জেএমসেন হলে ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/
bdnews24