বাগেরহাট, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দিয়ে একটি প্রতারক চক্র বাগেরহাটের অর্ধশতাধিক প্রধান শিক্ষকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রমোট-২ নামে একটি প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়ার কথা বলে তাদের কাছে প্রতারক চক্রটি চিঠি পাঠায় এবং পরবর্তীতে ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে টাকা দেওয়ার আগে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিদ্যালয় প্রধানদের পরামর্শ দিয়েছে।
বাগেরহাট সদর উপজেলার কে. বি. ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরষিৎ সাহা সোমবার বিকালে সাংবাদিকদের জানান, সকালে বিদ্যালয়ে গিয়ে তিনি ডাকযোগে আসা একটি চিঠি পান।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপীয় কমিশনের লোগো সংবলিত প্যাডে ১৬ আগস্ট প্রমোট দ্বিতীয় প্রকল্পের প্রকল্প পরিচালক এম আশরাফুল আলম চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, 'বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপীয়ান কমিশনের যৌথ উদ্যোগে প্রচলিত প্রমোট (মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন দ্বিতীয় প্রকল্প) আপনার বিদ্যালয় উন্নয়নের জন্য এককালীন কিছু আর্থিক সাহায্য করিতে ইচ্ছুক। ইসি আপনার বিদ্যালয় উন্নয়নে সর্বদা প্রস্তুত। চিঠি পাওয়া মাত্র মোবাইলে কথা বললে বাধিত হব। আপনাকে ধন্যবাদ'।
এই চিঠি পেয়ে তিনি তার মোবাইল ফোন থেকে চিঠিতে উল্লিখিত প্রকল্প পরিচালকের ০১৫৫৬-৫৫৮৩১৩ নম্বরের মোবাইল ফোনে ফোন করেন।
কথিত প্রকল্প পরিচালক তাকে বলেন, 'আপনার স্কুলে একটি কক্ষ নির্মাণের জন্য ছয় লাখ টাকা দেওয়া হবে। এ জন্য বিভিন্ন সময়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আপাতত শিক্ষা সচিব আতাউর রহমানের ০১৭৩-৭৭৩৫৩৩৬ নম্বরে কিছু টাকা ফ্লেক্সিলোড করে পাঠান'।
হরষিৎ সাহা বলেন, স্কুলের উন্নয়নে না চাইতেই টাকা পাওয়ার কথা শুনে আনন্দিত হয়ে তিনি এ নম্বরে ছয় শ' টাকা ফ্লেক্সিলোড করে আবার কথিত প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেন।
প্রকল্প পরিচালক তখন আর একটি নম্বর দিয়ে তাকে আরও কিছু টাকা ফ্লেক্সিলোড করতে বলেন। এ কথায় তার সন্দেহ হলে তিনি অন্য শিক্ষকদের পরামর্শে টাকা পাঠানো থেকে বিরত থাকেন।
একই ধরনের কথা জানান বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মোমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহা শীতল চন্দ্র।
সোমবার সকালে তিনি ওই প্রতারক চক্রের ফাঁদে পড়ে পাঁচটি মোবাইল ফোনের নম্বরে মোট দুই হাজার সাতশ' টাকা ফ্লেক্সিলোড করেছেন।
প্রতারক চক্রটি তাকে ছয় লাখ কুড়ি হাজার টাকা দিয়ে একটি পাকা শ্রেণী কক্ষ করে দেওয়ার আশ্বাস দেয়।
পরে তিনি জেলা শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি ভুয়া বলে জানতে পারেন।
সাহা শীতল চন্দ্রের বক্তব্য থেকে জানা যায়, প্রতারক চক্র তাকে শিক্ষা সচিব আতাউর রহমানের মোবাইল ফোন নম্বর হিসেবে যে নম্বরটি দিয়েছে তার সঙ্গে হরষিৎ সাহাকে দেওয়া মোবাইল নম্বরটির মিল নেই। তাকে দেওয়া শিক্ষা সচিবের নম্বরটি হচ্ছে ০১৭২-৪১২০০৫৪।
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফারুক আহমেদ জানান, তিনি এ ধরনের একটি চিঠি পেয়ে গত ২১ আগস্ট শিক্ষা সচিব আতাউর রহমানের মোবাইল ফোন নম্বরে পাঁচশ' টাকা ফ্লেক্সিলোড দিয়েছিলেন। তাকে দেওয়া শিক্ষা সচিবের নম্বরটি হচ্ছে, ০১৭৩-৮২৬০৬৮৫, যার সঙ্গে আগে উল্লিখিত নম্বর দুটির কোনো মিল নেই।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শহরের যদুনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অজয় চক্রবর্ত্তী বলেন, তার জানা মতে প্রমোট নামে শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপীয় কমিশনের একটি প্রকল্প ছিল। ১৯৯৪ সালে প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হত। ২০০৬ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
তিনি জানান, বাগেরহাট জেলার নয়টি উপজেলার অধিকাংশ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ ধরনের চিঠি পেয়েছেন।
তার জানা মতে, অর্ধ শতাধিক প্রধান শিক্ষক ইতোমধ্যে প্রতারক চক্রের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা ফ্লেক্সিলোড করে দিয়েছেন।
বাগেরহাট জেলায় তিনশ' পচাত্তরটি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
জেলার ফকিরহাট ও চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আব্দুস সাত্তার ও এনায়েত হোসেন তাদের উপজেলার বিভিন্ন স্কুলে এ ধরনের চিঠি পাঠানো এবং মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বলে জানিয়েছেন।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এ বিষয়ে বলেন, "প্রমোট দ্বিতীয় প্রকল্পের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। এটি একটি প্রতারক চক্রের কারসাজি। আমাদের সাথে কথা না বলে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এদের ফাঁদে পা দিয়ে টাকা পয়সা খুইয়েছেন।"
জেলা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে যোগাযোগ না করে এ ধরনের কোনো চিঠিকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সোমবার সন্ধ্যায় প্রমোটের প্রকল্প পরিচালক পরিচয় দানকারী এম আশরাফুল আলম চৌধুরীর ০১৫৫৬-৫৫৮৩১৩ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24