চট্টগ্রাম, ৩০ অগাস্ট(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে মঙ্গলবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে। চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এছাড় ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে কয়েকটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও থাকছে।
চট্টগ্রাম স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, প্রথমদিন মঙ্গলবার ৫ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হবে।
এরপর ১ সেপ্টেম্বর বিক্রি হবে ৬ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর হবে ৭ সেপ্টেম্বরের, ৩ সেপ্টেম্বর হবে ৮ সেপ্টেম্বরের ও ৪ সেপ্টেম্বর বিক্রি হবে ৯ সেপ্টেম্বরের টিকেট।
চট্টগ্রাম রেলওয়ে কর্মকর্তারা জানান, সাত হাজার চারশ' করে পাঁচদিনে ৩৭ হাজার টিকেট বিক্রি করা হবে।
এর মধ্যে প্রতিদিন সাতটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের পাঁচ হাজার ও মেইল ট্রেনের দুই হাজার চারশ' টিকেট বিক্রি হবে।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক সামশুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকেটের কালোবাজারী ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশ (জিআরপি), আর্মড পুলিশ ও র্যাবের পাশাপাশি তাদের নিজস্ব নিরাপত্তা দল স্টেশনে মোতায়েন থাকবে।
তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকেট বিক্রি চলবে। একজন সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন।
স্টেশন ব্যবস্থাপক জানান, ৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগেরদিন পর্যন্ত চট্টগ্রাম-চাঁদপুর রুটে প্রতিদিন দুটি এবং ৮ সেপ্টেম্বর থেকে ঈদের আগেরদিন পর্যন্ত চট্টগ্রাম-কুমিল্লা রুটে প্রতিদিন একটি বিশেষ ট্রেন চলবে।
তবে ঢাকা-চট্টগ্রাম রুটে এবার কোনো বিশেষ ট্রেন থাকছে না।
যাত্রীদের চাহিদা অনুসারে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ছাড়া অন্য ছয়টি আন্তনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে জানিয়ে তিনি বলেন, বগি পাওয়া গেলে সবগুলো ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগি যোগ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24